আহমেদাবাদ: বড়রা যা পারেনি সেটাই করে দেখাল ছোটরা। ইরানকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল বিবিয়ানো ফার্নান্ডেজের ভারত। শক্তিশালী ইরানকে ২-১ গোলে হারাল অনূর্ধ্ব-১৭ ভারতীয় ফুটবল দল।
রবিবার আহমেদাবাদের একা এরিনায় ১৯ মিনিটে এক গোলে পিছিয়ে পড়ে ভারত। প্রথমার্ধের শেষলগ্নে পেনাল্টি থেকে সেই গোল শোধ করে দাল্লালমুওন গাংতে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে বিবিয়ানোর ভারতকে এগিয়ে দেয় গুনলেইবা ওয়াংখেইরাকপাম। ওই গোলেই জয় নিশ্চিত করে জুনিয়ার ব্লু টাইগাররা। এই জয়ের সুবাদে গ্রুপ শীর্ষে থেকে ২০২৬ যুব এশিয়ান কাপে খেলার টিকিট নিশ্চিত করল ভারত।
১৯৫৯ সালে চুনী গোস্বামী, ইউসুফ খান, তুলসীদাস বলরামদের গোলে শেষবার ইরানকে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে হারিয়েছিল ভারতীয় ফুটবল দল। তারপর সিনিয়ার দল তো বটেই বয়সভিত্তিক পর্যায়েও কখনও ইরানকে হারাতে পারেনি ভারতের কোনও পুরুষ ফুটবল দল। স্বাভাবিকভাবেই বিবিয়ানোর ছেলেদের এই জয় বড় কৃতিত্বের।
