উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনেতা আহাণ পাণ্ডে (Ahaan Panday) এবং অভিনেত্রী অনীত পাড্ডার (Aneet Padda) প্রেমের গুঞ্জন ছিল তুঙ্গে। তাঁদের প্রথম হিট প্রোজেক্ট ‘সাইয়ারা’-র অন-স্ক্রিন রসায়ন এতটাই জোরালো ছিল যে, দর্শকরা অনুমান করছিলেন যে, পর্দার প্রেম গড়িয়েছে বাস্তব জীবনেও। কিন্তু এবার সেই জল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং আহাণ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আহাণ স্পষ্ট করে দিয়েছেন যে, অনীত তাঁর প্রেমিকা নন। তিনি বলেন, “ও আমার গার্লফ্রেন্ড নয়। অনীত আমার প্রিয় বন্ধু (greatest buddy)।”
সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিয়ে চলা সমস্ত আলোচনার বিষয়ে অবগত আহাণ স্বীকার করে নেন যে, ইন্টারনেট তাঁদের দুজনকে যুগল হিসেবেই দেখে। তবে তিনি তাঁদের এই সম্পর্ককে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। আহাণ বলেন, “রসায়ন বা কেমিস্ট্রি মানেই সবসময় প্রেম নয়; এটা হল স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার অনুভূতি। আমরা একে অপরের জন্য সেই অনুভূতিটাই তৈরি করেছি।”
যদিও তাঁরা প্রেম করছেন না, তবুও অনীতের সঙ্গে তাঁর বন্ধনকে ‘বিশেষ’ আখ্যা দিয়েছেন আহাণ। তিনি আরও বলেন, “ও আমার গার্লফ্রেন্ড না হলেও, অনীতের সঙ্গে আমার যে বন্ধন, তা অন্য কারও সঙ্গে হবে না।” পাশাপাশি, নিজের ব্যক্তিগত সম্পর্কের বর্তমান অবস্থা সম্পর্কে আহাণ জানিয়েছেন যে, তিনি বর্তমানে ‘সিঙ্গল’।
