উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন চাকরিপ্রার্থীদের আন্দোলনে উত্তাল কলকাতা। পরীক্ষা দিয়ে পূর্ণ নম্বর পেয়েও ইন্টারভিউতে ডাক না পাওয়ায় ক্ষোভে বিকাশ ভবন অভিযান করলেন নতুন চাকরিপ্রার্থীদের একাংশ (Academics Recruitment)। এসএসসি (SSC) একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়েগের পরীক্ষায় বসা নতুন চাকরিপ্রার্থীরা এদিন দুপুর থেকে করুণাময়ীতে জমায়েত করতে শুরু করেন। সেখান থেকে বিকাশভবন অভিযান করলেও তাদের ময়ূখভবনের আগেই আটকে দেয় পুলিশ। বিক্ষোভকারীরা তখন বসে পড়েন বইমেলা প্রাঙ্গনের কাছে। পুলিশের তরফে আন্দোলন তুলে নিতে বারবার চাকরিপ্রার্থীদের উপর চাপ সৃষ্টি করা হলেও তাঁরা রাজি হননি। বরং রাতভর বিক্ষোভের পরিকল্পনার কথা ঘোষণা করে দেন চাকরিপ্রার্থীরা।
যদিও পুলিশ তা নাকচ করে দেয়। প্রতিনিধি পাঠিয়ে এসএসসি (SSC) চেয়ারম্যানের সঙ্গে কথা বলার প্রস্তাব দিলেও তাতেও রাজি হননি চাকরিপ্রার্থীরা। শিক্ষামন্ত্রীকে এসে কথা বলার দাবিও তোলেন কেউ কেউ। তবে সন্ধ্যার পর কার্যত জোর করেই চাকরিপ্রার্থীদের তুলে দেয় পুলিশ। যদিও চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, আজকের আন্দোলনের কোনও পূর্ব প্রস্তুতি ছিল না তাদের। কিন্তু আগামীতে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। অভিযোগ, পূর্ণ নম্বর পাওয়ার পরও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি বহু চাকরিপ্রার্থী।
কারণ তাঁরা এই প্রথম পরীক্ষায় বসছেন। কেউ এর আগে পরীক্ষা দিলেও চাকরির সুযোগ পাননি। তাই অভিজ্ঞতার জন্য দেওয়া ১০ নম্বর পাননি কেউই। অনেক চাকরিপ্রার্থীই জানিয়েছেন, তাদের অনেকেই পূর্ণমান ৬০-এর মধ্যে পেয়েছেন ৬০। কিন্তু ইন্টারভিউয়ের জন্য যে তালিকা প্রকাশ পেয়েছে, সেখানে তাঁদের নাম নেই। তাদের দাবি ইন্টারভিউর আগে অভিজ্ঞতার জন্য বাড়তি ১০ নম্বর দেওয়া যাবে না। একই সঙ্গে বাড়তি শূন্যপদ তৈরি করে সকল যোগ্য চাকরিপ্রার্থীর চাকরির ব্যবস্থা করতে হবে।
