উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সুপার এইটের লড়াইয়ে রবিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া (India vs South Africa)। কিন্তু মাঠের লড়াই শুরুর আগে ভারতীয় ডাগ-আউটে এখন একাধিক চিন্তার ভাঁজ। ওপেনার অভিষেক শর্মার (Abhishek Sharma) ভয়াবহ ফর্ম অফ এবং ক্যাচ মিসের ‘ব্যাধি’— এই দুই কাঁটা নিয়েই প্রোটিয়া বাহিনীকে রুখতে নামছেন সূর্যকুমার যাদবরা।
অভিষেক কি বাদ পড়ছেন? টানা তিনটি ম্যাচে খাতা খুলতে ব্যর্থ অভিষেক শর্মা। শেষ আটটি টি-টোয়েন্টি ইনিংসে তাঁর ঝুলিতে পাঁচটি ‘ডাক’। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, তাঁর জায়গায় কি সঞ্জু স্যামসনকে দেখা যাবে? তবে বোলিং কোচ মর্নি মর্কেল সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন। তিনি সাফ জানান, “অভিষেক বিশ্বমানের ক্রিকেটার। ও নেটে কঠোর পরিশ্রম করছে। দল ওর পাশেই আছে।” অর্থাৎ, রবিবারেও ঈশান কিষানের সঙ্গী হিসেবে অভিষেকের ওপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।
ফিল্ডিং ও স্পিন আতঙ্ক: গ্রুপ পর্বের চার ম্যাচে ৯টি ক্যাচ ছেড়েছে ভারত। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও দুটি সহজ ক্যাচ মিসের মাশুল গুনতে হয়েছে বড় রান হজম করে। মর্কেলের মতে, “টুর্নামেন্টের এই পর্যায়ে একটি ক্যাচই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।” পাশাপাশি মিডল অর্ডারে অতিরিক্ত বাঁহাতি ব্যাটার থাকায় প্রতিপক্ষের ফিঙ্গার স্পিনারদের সামলাতে হিমশিম খাচ্ছে ভারত। যদিও বরুণ চক্রবর্তীর মতো ‘মিস্ট্রি স্পিনার’ ভারতের তুরুপের তাস হতে পারেন বলে মনে করছেন বোলিং কোচ।
ম্যাচের অন্যতম বড় চমক ডাগ-আউটের লড়াই। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলের সামনে তাঁর ভাই অ্যালবি মর্কেল, যিনি দক্ষিণ আফ্রিকার মেন্টর। পেশাদারিত্বের খাতিরে আপাতত ভাইয়ের সঙ্গে কথা বলাও বন্ধ রেখেছেন মর্নি। তিনি রসিকতা করে বলেন, “মুম্বইয়ে ওয়ার্ম-আপ ম্যাচের পর আমাদের খুব একটা কথা হয়নি।”
আহমেদাবাদের পিচ বোলারদের সাহায্য করলেও ভারত সেখানে ইতিবাচক ব্যাটিংয়ের পরিকল্পনা করছে। অনুশীলনে অভিষেক শর্মাকে এদিন ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও ঘাম ঝরাতে দেখা গেছে, যা ভারতের ব্যাটিং গভীরতা বাড়ানোর ইঙ্গিত হতে পারে।
