নয়াদিল্লি: ২০২৬ আইপিএলে কি নতুন ভূমিকায় দেখা যাবে এবি ডিভিলিয়ার্সকে? তা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতেই? এহেন সম্ভাবনা এদিন উসকে দিলেন স্বয়ং দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটারই। ২০০৮ থেকে ২০১০, তিন বছর ডেয়ার ডেভিলসে কাটিয়েছেন। ২০১১ সালে আরসিবি-তে যোগ দেন। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তে ২০২১-এ যে গাঁটছড়ায় ইতি পড়ে। নতুন দায়িত্বে আবারও প্রিয় আরসিবি-তে ফিরতে চান এবি।
এক সাক্ষাৎকারে এবি জানান, আগামী দিনে নতুন ভূমিকায় আইপিএলে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। তবে পুরো মরশুমের জন্য পেশাদার কোনও দায়িত্ব নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পুরোদস্তুর পেশাদার কেরিয়ারের পথে হাঁটতে চান না। সেক্ষেত্রে আইপিএলের মতো টি২০ লিগে ঠিকঠাক।
আইপিএলে মানে এবির হৃদয়জুড়ে একটাই নাম আরসিবি। সম্ভব হলে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্বে (কোচ বা মেন্টর) ফিরতে চান পুরোনো দলে। তবে পুরোটাই নির্ভর করবে ফ্র্যাঞ্চাইজি কী চাইছে, তার ওপর। তবে আরসিবি যদি চায়, তিনি প্রস্তুত, জানিয়ে দিলেন এবি। ১১ বছর আরসিবি-র জার্সিতে ১৫৭টি ম্যাচে ২টি শতরান ও ৩৭টি হাফ সেঞ্চুরি সহ ৪,৫২২ রান করেছেন। স্ট্রাইক রেট ১৫৮.৩৩। ব্যাটিং গড় ৪১.১০। সবমিলিয়ে ১৮৪টি আইপিএল ম্যাচে সংগ্রহ ৫,১৬২ রান। ২০২২ সালে ক্রিস গেইলের সঙ্গে আরসিবি-র ‘হল অফ ফেম’-এ জায়গা পান এবি।
