উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার আচমকাই আমির খানের (Aamir Khan) বাড়িতে হাজির ২৫ জন আইপিএস অফিসারের (IPS Officers) টিম। আর বিশাল পুলিশবাহিনী হাজির হতেই বিটাউনে (B-City) শোরগোল।
তবে হঠাৎ কেন ২৫ জন আইপিএস অফিসারের টিম হাজির হলেন অভিনেতার বাড়িতে? এনিয়ে গত চব্বিশ ঘণ্টায় একের পর এক গুঞ্জন শোনা গিয়েছে। কারও মন্তব্য, পরবর্তী সিনেমার জন্য জোড় প্রস্তুতি শুরু করেছেন আমির। সম্ভবত মিস্টার পারফেকশনিস্ট এবার কোনও পুলিশি ড্রামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি আবার আমিরের নামে রেজিস্ট্রি করা গাড়ি কর্ণাটকে রোড ট্যাক্স না দেওয়ায় বিপাকে পড়েছে! আমিরের বাড়িতে পুলিশ আধিকারিকদের আগমনের কারণ হিসেবে সেকথাও শোনা যাচ্ছে। এহেন নানা জল্পনায় বলিপাড়ায় শোরগোল।
তবে মিস্টার পারফেকশনিস্টের তরফে মুখ খুলেছে তাঁর প্রযোজনা সংস্থার টিম। বলিউড তারকার টিমের তরফে জানানো হয়েছে, আসলে ট্রেনি আইপিএস অফিসারদের একটি ব্যাচ আমির খানের সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। অভিনেতার সঙ্গে একবার সাক্ষাতের জন্য তাঁদের তরফে অনুরোধ আসে। তাঁরাই দেখা করতে এসেছিলেন। কোনও আইনি বিপাকে পড়েননি তিনি।
