স্রেফ ওকালতি করে কোটি কোটি টাকা রোজগার। কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী তথা সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি রাজ্যসভা ভোটের জন্য দাখিল করা হলফনামায় স্ত্রীর সঙ্গে যৌথভাবে ২,৮৬০.৩৬ কোটি টাকারও বেশি সম্পদের ঘোষণা করেছেন। গত পাঁচ আর্থিক বছরে বিপুল আয় বৃদ্ধির কথা জানিয়েছেন এই প্রবীণ রাজনীতিবিদ তথা নামী আইনজীবী।
হলফনামা অনুসারে তাঁর ঘোষিত আয় ২০২৪-‘২৫ সালে ৩৭৪ কোটি টাকারও বেশি। ২০২৩-‘২৪ সালে ৩৩৩ কোটি টাকারও বেশি। ২০২২-‘২৩ সালে ৩৫৯ কোটি টাকা, ২০২১-‘২২ সালে ২৯০ কোটি টাকা এবং ২০২০-‘২১ সালে ১৫৮ কোটি টাকা ছিল। অর্থাৎ গত পাঁচ বছরে মোট আয় ১,৫১৬ কোটি টাকারও বেশি ছাড়িয়ে গিয়েছে। অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং রাজ্যসভার সদস্য। তিনি একজন অত্যন্ত সফল আইনজীবী হিসেবে পেশাগত আয় এবং বিনিয়োগ থেকে এই বিশাল সম্পদ অর্জন করেছেন।
আরও পড়ুন:
তিনি ভারতের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া আইনজীবী, শোনা যাঁর শুনানির চার্জ প্রতি সেশনে ৬-১১ লক্ষ টাকা। উল্লেখযোগ্য বিষয় হল, ৬৭ বছর বয়সী সিংভি গৃহস্থালি এবং অফিসের সরঞ্জামের মূল্য ‘অন্যান্য স্থায়ী সম্পদ’ বিভাগের অধীনে যথেষ্ট বিশদভাবে তালিকাভুক্ত করেছেন-যা নির্বাচনী হলফনামায় খুব কমই দেখা যায়। যেখানে এই জাতীয় জিনিসপত্র সাধারণত বাদ দেওয়া হয়।
আসলে দেশের প্রথম সারির আইনজীবী হওয়ায় তাঁর চাহিদা তুঙ্গে। প্রতিদিন লক্ষ লক্ষ টাকা স্রেফ সুপ্রিম কোর্টে হাজিরা দিয়েই রোজগার করেন তিনি। তবে একই সঙ্গে বেশ কিছু রাজনৈতিক মামলাতেও সওয়াল করতে দেখা যায় তাঁকে। কংগ্রেস-সহ বিরোধী দলগুলির জন্য সিংভি এতটাই গুরুত্বপূর্ণ যে মেয়াদ শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে বারবার রাজ্যসভায় পাঠানো যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
