ইতিহাস বদলাল। ইতিহাস ফিরল। ফের বিশ্বজয়ী ভারত। টানা দু’বার কোনও দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল। যা আগে কোনও দল জেতেনি। সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে টিম ইন্ডিয়া যাতে হাত দিচ্ছে, তাতেই সোনা। টুর্নামেন্ট মানেই ভারতের ঘরে ট্রফি ঢুকবে। এই আধিপত্য মনে করিয়ে দিচ্ছে, এই শতকের শুরুর দিকে অস্ট্রেলিয়ার কথা। এখন ভারতের সামনে পড়া মানে যে কোনও দলই আতঙ্কে থাকতে বাধ্য।
এই বিষয়ে আরও খবর
গতবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। ১১ বছরের ট্রফিখরা কাটিয়ে রোহিত শর্মারা বিশ্বজয়ী করেছিলেন ভারতকে। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। আর সূর্যকুমার যাদবদের হাত ধরে ফের এল টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর কোনও দেশ তিনটি বিশ্বকাপ জেতেনি। সবমিলিয়ে মোট ৮টি আইসিসি ট্রফি এসেছে মেন ইন ব্লুর ক্যাবিনেটে। এতগুলো ট্রফি জেতার নজির রয়েছে একমাত্র অস্ট্রেলিয়ার। আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু হওয়ার পরে সবমিলিয়ে ১০টি ট্রফি গিয়েছে অজিদের ক্যাবিনেটে।
ভারতের ট্রফি জয়ের সূচনা হয়েছিল ১৯৮৩ সালে। সেবার ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জেতে কপিল দেবের দল। তার পরে দীর্ঘদিন মেন ইন ব্লু কোনও আন্তর্জাতিক ট্রফি জেতেনি। ২০০২ সালের চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মবিজয়ী হয় ভারত। তার পরেই ২০০৭ সালে উদ্বোধনী টি-২০ বিশ্বকাপ। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ট্রফি আসে দেশে। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ দেশের মাটিতে জিতে নেয় মেন ইন ব্লু। ২০১৩ সালে ফের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের। তার পরে দীর্ঘ ১১ বছরের অপেক্ষা। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জিতে ট্রফির খরা কাটিয়েছে রোহিত ব্রিগেড। মাঝে রোহিতের নেতৃত্বেই ফের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। এবার ঘরেই ধরে রাখল টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবমিলিয়ে ভারতের ক্যাবিনেটে শোভা পাচ্ছে ৮টি আইসিসি ট্রফি। এই তালিকায় না থাকলেও এর সঙ্গে জুড়ে নিন মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জয়। এবার শুধু ২০২৭-এ ওয়ানডে বিশ্বকাপ জিতলেই ষোলো কলা পূর্ণ।
এই বিষয়ে আরও খবর
ভারতের থেকে বেশি আইসিসি ট্রফি রয়েছে একমাত্র অস্ট্রেলিয়ার। ৬ ওয়ানডে বিশ্বকাপ, ২ চ্যাম্পিয়ন্স ট্রফি, ১ টি-২০ বিশ্বকাপ, ১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে অজিদের। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের রয়েছে ২ ওয়ানডে বিশ্বকাপ, ২ টি-২০ বিশ্বকাপ, ১ চ্যাম্পিয়ন্স ট্রফি। ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কার ক্যাবিনেটে রয়েছে তিনটি করে আইসিসি ট্রফি। খেতাবজয়ীদের তালিকায় রয়েছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার নাম। দু’টো করে ট্রফি রয়েছে তাদের দখলে।
সর্বশেষ খবর
