সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলতে খেলতে মৃত্যু! আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যাডমিন্টন কোর্টেই লুটিয়ে পড়লেন শাটলার। রবিবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের নাগোল স্টেডিয়ামে। এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে হতভম্ব এবং মর্মাহত নেটপাড়া।
জানা গিয়েছে, মৃতের নাম গুন্ডলা রাকেশ। বয়স ২৫ বছর। হায়দরাবাদে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাডমিন্টনের একটি ডবলস ম্যাচ খেলছেন গুন্ডালা। তাঁর মুখে-চোখে রয়েছে হাসি, উৎফুল্ল মন। শরীরে কোথাও কোনও রকম অস্বস্তির ছাপ নেই। মাটিতে পড়ে থাকা শাটল নিচু হয়ে কুড়োতে গিয়েই হঠাৎ লুটিয়ে পড়লেন তিনি। দ্রুত সেখানে ছুটে আসেন উপস্থিতি সবাই। ডাকাডাকি সত্ত্বেও কোনও উত্তর দিচ্ছিলেন না গুন্ডালা। এমনকী তাঁকে সিপিআরও দেওয়া হয়। কিন্তু তা-ও তাঁর জ্ঞান ফেরেনি। এরপর তড়িঘড়ি সেখান থেকে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গুন্ডালাকে মৃত বলে ঘোষণা করেন।
সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, অধিকাংশ ক্ষেত্রেই তাঁরা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। কখনও খেলতে খেলতে কিংবা কখনও জিমে শরীরচর্চা কারার সময় আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে একাধিক মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। এক চিকিৎসকের কথায়, “প্রত্যেক মানুষকে বিশেষ করে তরুণদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা দরকার।”
