রঞ্জন মহাপাত্র, কাঁথি: গ্রেপ্তার এগরা পুরসভার চেয়ারম্যান। শুক্রবার রাতে পুরপ্রধান স্বপন নায়ককে গ্রেপ্তার করল এগরা থানার পুলিশ। জমি অবৈধভাবে হস্তান্তরের অভিযোগ পুরপ্রধানের বিরুদ্ধে। পুলিশ সুপার মিতুনকুমার দে জানিয়েছেন এগরায় ১ নম্বর খতিয়ানের জায়গা অবৈধভাবে হস্তান্তর করার জন্যে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ, শনিবার ধৃত পুরপ্রধানকে আদালতে হাজির করা হবে।
কেন গ্রেপ্তার হলেন এগার মতো পুরসভার পুরপ্রধান? জানা গিয়েছে, এগরা পুর এলাকার ১ নম্বর খতিয়ানের জায়গা বেআইনিভাবে হস্তান্তর করেন চেয়ারম্যান! ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সেই ভিত্তিতে ২০ ডিসেম্বর এগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই এগরা পুলিশ শুক্রবার রাতে চেয়ারম্যান স্বপন নায়ক কে গ্রেপ্তার করে। শনিবার কাঁথি মহকুমা আদালতে অভিযুক্ত পুরপ্রধানকে হাজির করানো হবে।
উল্লেখ্য, সম্প্রতি এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েককে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার জন্যে রাজ্য তৃণমূলের পক্ষ থেকে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের মাধ্যমে নির্দেশ পাঠায়। দলীয় নির্দেশ উপেক্ষা করে চেয়ারম্যানের পদে আসীন থাকেন স্বপন নায়েক। পরবর্তীকালে চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূলের ৬ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন। কিন্তু স্বপন নায়েক তৃণমূলের প্রতীকে জয়লাভ করার পরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিজের চেয়ারে বসে থাকার মরিয়া চেষ্টা চালান বলে অভিযোগ। এদিকে আস্থা ভোটের দিন স্বপন নায়েক রাতের অন্ধকারে অবৈধভাবে বহিরাগতদের নিয়ে পুর অফিসে প্রবেশ করেছেন বলে তৃণমূল অভিযোগ তুলে। এরফলে ভোটাভুটি স্থগিত হয়ে । এরপর থেকেই এগরা শহরে কখনও চেয়ারম্যানের পক্ষে, আবার কখনও বিপক্ষে পোস্টার ও ব্যানার পড়তে দেখা গিয়েছে। তারমাঝে গত ২০ডিসেম্বর,২০২৫ তারিখে এগরার ভূমি ও ভূমি সংস্কারের পক্ষ থেকে ১ নম্বর খতিয়ানের জায়গা বেআইনিভাবে হস্তান্তর করা হয়েছে বলে এগরা থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তারপরই এই গ্রেপ্তার।
