শিলিগুড়ি: শুধু কর্মচারী নয়, সেই পরিসরের বাইরে থাকা বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে এগিয়ে এল ভারতীয় আরএমএস (RMS) ও এমএমএস (MMS) কর্মচারী ইউনিয়ন। সোমবার সংগঠনের তরফে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে দপ্তরের কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও চোখ পরীক্ষার পাশাপাশি সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে কর্মসূচিটি সফল হয়। ইউনিয়নের ডিভিশনাল সেক্রেটারি সঞ্জয় পাল জানান, কর্মচারী ও সমাজের কল্যাণে ভবিষ্যতে এই ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। এছাড়াও আগামী ১৬ মার্চ সংগঠনের তরফে একটি রক্তদান শিবিরের পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী ২৯ মার্চ শিলিগুড়ি হেড কোয়ার্টার শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে, সেখানে কর্মীস্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
