ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বেছে বেছে মহিলাদের টার্গেট করা হয়েছে। ভুল ম্যাপিংয়ের জন্য বিবাহিত মহিলাদের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের ভুলে মিস ম্যাচ হয়েছে বলে সরব হলেন মমতা।
মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে এসআইআরের ৫৪ লক্ষ নাম বাদ যাওয়া নিয়ে কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। এই প্রক্রিয়ায় বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী। কমিশন এআই দিয়ে ভোটারদের নাম বাদ দিচ্ছে বলে অভিযোগ তুললেন তিনি। মুখ্যমন্ত্রীর মারাত্মক অভিযোগ, এই প্রক্রিয়ায় বেছে বেছে মহিলাদের নাম বাদ দেওয়া হয়েছে। বিবাহিত মেয়েদের পদবীর পরিবর্তন, বা ঠিকানা পরিবর্তন হওয়ায় তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলার উন্নয়নে একাধিক প্রকল্প চালু করেন। তা সবচেয়ে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার হোক কিংবা কন্যাশ্রী থেকে রূপশ্রী, সবুজ সাথী হোক কিংবা একাধিক সামাজিক প্রকল্প। বিজেপি কোনও ভাবেই সেই মহিলা ভোটব্যাঙ্কে থাবা বসাতে পারেনি বলেই মত রাজনৈতিক মহলে। সারাসরি লড়াইয়ে না পেরে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে সেই মহিলা ভোট ব্যাঙ্কেই আঘাত আনতে চাইছে বলেই অভিযোগ তৃণমূলের।
সর্বশেষ খবর
