আগামী তিন তারিখ দোল পূর্ণিমা। রঙের উৎসবে মেতে উঠবে রাজ্যের মানুষ। রাজ্যজুড়েই ছুটির মেজাজ। তবে ওই দিন সাতসকালে কোথাও যাওয়ার পরিকল্পনা করেছেন? তাহলে রয়েছে দুঃসংবাদ! দোলের দিন সকালে মিলবে না মেট্রো। ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) হোক কিংবা গ্রিন লাইন (হাওড়া ময়দান সল্টলেক সেক্টর ফাইভ), কোনও লাইনেই দোলের দিন সকালে থাকছে না পরিষেবা। মেট্রো মিলবে দুপুর ২ টোর পর থেকে। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানাল কলকাতা মেট্রো। ফলে বাড়ি থেকে বেরনোর আগে জেনে নিন নয়া সময়সূচি।
আরও পড়ুন:
দোলেরদিন বেশিরভাগ অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকে। ফলে যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম থাকে। কার্যত সেই কথা মাথায় রেখে মেট্রোর সময়সূচি বদল করা হয়েছে। মেট্রোর তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, দোলের দিন মাত্র ৬০ টি মেট্রো চালানো হবে। যার মধ্যে ৩০ টি চলবে আপ এবং ৩০ টি চলবে ডাউন লাইনে। মেট্রোর তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দিনের প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে। উল্টোদিকে শহিদ ক্ষুদিরাম থেকেও একই সময় ছাড়বে। তবে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত একটি ট্রেন চালানো হবে। সেটিও ছাড়বে দুপুর আড়াইটের সময়েই। স্বস্তির খবর, পরিষেবা দেরিতে শুরু হলেও শেষ মেট্রোর সময়ের কোনও বদল ঘটছে না। অন্যান্য দিনের মতোই রাত পর্যন্ত মিলবে পরিষেবা।
অন্যদিকে গ্রিন লাইনেও পরিষেবা অন্যান্য দিনের তুলনায় দোলের দিন কম থাকবে। এই লাইনে প্রথম পরিষেবা অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য প্রথম মেট্রো মিলবে দুপুর তিনটের সময়। অন্যদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো মিলবে তিনটে ২ মিনিটে। এই লাইনেও শেষ মেট্রো পরিষেবার ক্ষেত্রে সময়ে কোনও বদল হচ্ছে না। ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া এবং জয়হিন্দ বিমানবন্দরের মধ্যে দোলের দিন মেট্রো চালানো হবে মাত্র ৪৪ টি। নোয়াপাড়া থেকে প্রথম পরিষেবা মিলবে দুপুর ২টো ৩৮ মিনিটে। অন্যদিকে জয়হিন্দ বিমানবন্দর থেকে পরিষেবা মিলবে দুপুর তিনটের সময়। এছাড়াও পার্পেল লাইন (জোকা-মাঝেরহাট) এবং ওরেঞ্জ লাইন (কবি সুভাষ-বেলেঘাটা)-এ দোলের দিন মেট্রো পরিষেবার সময়ে বেশ কিছু রদবদল করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
