দেব গোস্বামী, বোলপুর: দু’টি চারচাকা গাড়ির মুখোমুখি ধাক্কা। তারপরই উলটে যায় গাড়ি দু’টি। বীরভূমের চিনপাই ১৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর জখম অন্তত ৮ জন। তাঁদের মধ্যে রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন শর্মিষ্ঠা ঘোষ এবং তাঁর পরিজনেরাও।
জানা গিয়েছে, বৃহস্পতিবার চন্দ্রনাথ সিনহার বোনেরা মুরারই থেকে পুরুলিয়ায় ফিরছিলেন। অপর গাড়িটি আসছিল রানিগঞ্জ থেকে। সেই সময় দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। মুখোমুখি ধাক্কা লেগে দু’টি গাড়ি উলটে যায়। জখম হন অন্তত ৮ জন। আহতরা হলেন শেখ আজাদ, গৌতম ঘোষ, শর্মিষ্ঠা ঘোষ, কল্যাণী ঘোষ, বরুণ চট্টোপাধ্যায়, অরুণ গোস্বামী ও দোলন মুখোপাধ্যায়। খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত আহতদের উদ্ধার করা হয়। প্রথমে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। তাই তাঁদের কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
