ছত্তিশগড়ের বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রে পথকুকুরের হামলায় মৃত্যু হল ১৫টি হরিণের। রাজ্যের সরগুজা জেলায় রয়েছে ওই বন্যপ্রাণ কেন্দ্রটি। এই ঘটনায় বড়সড় গাফিলতির অভিযোগ উঠেছে। প্রাথমিক ভাবে দায়িত্বপ্রাপ্ত চারজন বনকর্মীকে বরখাস্ত করেছে বনদপ্তর।
অম্বিকাপুরের সঞ্জয় বন বটিকা বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্র ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যে। এই সংরক্ষণ কেন্দ্র তথা পার্কটির দায়িত্ব রয়েছে বন দপ্তর। এটি প্রায় একটি চিড়িয়াখানা। যেখানে টিকিট কেটে বন্যপ্রাণ দেখতে আসেন পর্যটকরা। সুরগুজা জেলার বিভাগীয় বনকর্তা (ডিএফও) অভিষেক জোগাওয়াত বলেন, গেট খোলা পেয়ে রাতের অন্ধকারে চার থেকে পাঁচটি পথকুকুর পার্কে ঢুকে পড়েছিল।
বনকর্তা আরও জানান, এই কুকুরদের হিংস্র হামলায় ১৫টি হরিণের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে বিলুপ্তপ্রায় চিত্রা হরিণ, কাঁকর হরিণ এবং চার শিংওয়ালা অ্যান্টিলোপ। এই ঘটনায় গাফিলতির অভিযোগে সংরক্ষণ কেন্দ্রের কর্তা ডেপুটি রেঞ্জার অশোক সিনহা এবং তিনজন বনরক্ষী যথাক্রমে মমতা পোর্তে, প্রতিমা লাকরে এবং বিন্দু সিংকে সাসপেন্ড করেছেন ডিএফও। এছাড়াও অম্বিকাপুরের ফরেস্ট রেঞ্জার অক্ষতপালক ঋষিকেও নোটিশ ধরিয়েছে বনদপ্তর। তাঁকে আগামী পাঁচ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে।
