পালটি খেলেন শোয়েব আখতার! টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের হারের পর পাক বোর্ড প্রধান মহসিন নকভির উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন আখতার। কিন্তু এবার পালটি খেয়ে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের বক্তব্য, “মহসিন ভাই ভালো লোক।” নকভিকে উদ্দেশ্য করে তিনি কিছু বলেননি। ভারতীয় সংবাদমাধ্যম তাঁর বক্তব্যের ইচ্ছাকৃত ভুল ব্যাখ্যা করেছে।
এই বিষয়ে আরও খবর
আখতার বলছেন, “আমি কখনই নকভিকে উদ্দেশ্য করে কিছু বলিনি। আমি যে অযোগ্য বলেছিলাম, সেটা তাঁকে উদ্দেশ্য করে নয়। যারা আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনা করে, আমি তাদের উদ্দেশ্যে এই কথা বলেছিলাম। কিছু ভারতীয় টিভি চ্যানেল আমার কথার ইচ্ছাকৃত ভুল ব্যাখ্যা করেছে। ওই অনুষ্ঠানে আমি সবাইকে বলেছিলাম মহসিন ভাইকে নিয়ে যেন কোনও খারাপ কথা বলা না হয়। আমি সেটা সহ্য করব না। আমি সব সময় বলে এসেছি উনি খুব ভালো মানুষ। তিনি পাকিস্তান ক্রিকেটের ভালোই চান। কিন্তু ওঁকে সব সময় সঠিক পরামর্শ দেওয়া হয় না।”
কিন্তু নকভিকে নিয়ে আখতার ঠিক কী বলেছিলেন? ভারতের কাছে পাকিস্তানের বিশ্রী হারের পর প্রাক্তন পাক পেসারের বক্তব্য ছিল, “যে কিছুই জানে না তাকে পিসিবি চেয়ারম্যান করে দেওয়া হয়েছে। তাতে কী লাভ হবে? টিম চলবে কী করে? পৃথিবীর সব থেকে বড় অপরাধ হল, অযোগ্য লোককে বড় দায়িত্ব দেওয়া। বাবর আজমের মতো ক্রিকেটারকে সুপারস্টার বানানো হয়েছে যে একটাও ম্যাচ জেতাতে পারে না।” তবে এবার সেই মন্তব্য থেকে সরে এলেন তিনি।
এই বিষয়ে আরও খবর
যদিও অনেকেই মনে করেন পাক ক্রিকেটের ভরাডুবির জন্য নকভি যথেষ্ট পরিমাণে দায়ী। আসলে নকভি তো শুধু পাক বোর্ডের প্রধান নন, তিনি পাকিস্তানের মন্ত্রীও। ফলে তাঁর প্রতিটি পদক্ষেপের সঙ্গে রাজনীতি জড়িয়ে থাকে। ভারত-বিদ্বেষের হাওয়া বইলে তাঁর রাজনৈতিক জীবনের সুবিধা। যার প্রভাব পড়েছিল এশিয়া কাপে। এমনকী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অযথা বয়কট নাটক করেছে। এতে বরং চাপে পড়েছেন সলমন আলি আঘারা। বাইশ গজে যেমন তাঁদের চাপ সামলাতে হয়েছে, তেমনই বাইরের রাজনীতিরও শিকার তারা।
সর্বশেষ খবর
